পাকিস্তানে আইইডি বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে সন্ত্রাসীরা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন পুরিশ সদস্য।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি কালাত যাচ্ছিল। যাত্রাপথে শামসাবাদ এলাকায় সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়।’

বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন জওয়ান শহিদ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বলা হয়েছে ১৬। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

শহীদ রিন্দ বলেন, আহত পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ।