পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাঙ্গুতে বোমা বিস্ফোরণে পুলিশের এক এসপিসহ তিন কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের আগে পার্শ্ববর্তী একটি থানায় হামলা হয়। ওই পুলিশ কর্মকর্তারা সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান আদম খান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। তবে টিটিপির পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক বিভাগে টিটিপির সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। অভিযানে ৮ ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আলাদা গোষ্ঠী হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। যদিও তালেবান প্রত্যেকবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে। আফগান তালেবানের দাবি, তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয় দেওয়া হয় না।
চলতি মাসেই আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। টিটিপিকে মদদ দেওয়ার অভিযোগে এ হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সীমান্তে হামলা চালায় আফগানিস্তান।
কয়েকদিন সংঘাতের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসে। আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল রাখতে রাজি হয় দুই পক্ষ। এই সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে।