যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার পাকিস্তানে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এছাড়া শনিবার ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে এক পোস্টে বলেছেন, যদিও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছেন, কিন্তু ইরানি কর্মকর্তাদের মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ইরান নিজেদের উদ্বেগগুলো পাকিস্তানকে জানাবে।
এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজই ইসলামাবাদ যাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তবে পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা জানান, মার্কিন ও ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে।
এই বৈঠক সফল হলে আগামী রোববার সরাসরি বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয়, এমন প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে তেহরান। অপরদিকে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।