পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, আহত ৩০ 

পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান, টিটিপি। 

পুলিশ জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলে রাস্তার ধারের একটি নিরাপত্তা চৌকিতে এই আত্মঘাতী বোমা হামলা হয়। 

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক জরুরি সেবার মুখপাত্র জানান, তল্লাশিচৌকিতে বিস্ফোরকবাহী একটি গাড়ি নিয়ে এই হামলা চালানো হয়। হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে উগ্রবাদী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার টিটিপি ও বেলুচ লিবারেশন আর্মি–বিএলএ।