আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত ২২

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। খবর রয়টার্সের।

যদিও কাবুল বলছে, এই হামলায় নারী-শিশুসহ অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে হামলাগুলো চালানো হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, হেলমান্দ ও কুনারে পাকিস্তানের বিমান হামলায় ৩টি বাড়ি ধ্বংস হয়েছে। হামলার নিন্দা জানিয়ে, একে আন্তর্জাতিক আইনের পরিপন্থি অপরাধ হিসেবে উল্লেখ করেন তিনি। 

গত ৩ মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বড় ধরনের উত্তেজনা দেখা না গেলেও গত দুই সপ্তাহে পরিস্থিতির অবনতি হয়েছে। এ সময়ে একটি মসজিদসহ একাধিক স্থানে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর এসব ঘটনার জন্য তালেবান সরকারকে দায়ী করে পাকিস্তান।