পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। খবর রয়টার্সের।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে কয়েক সপ্তাহ আগে তাদের আটক করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়নি।
পিটিআই জানিয়েছে, ইমরানের আরেক বোন আলিমা খান এখনও কারাগারে রয়েছেন। ইমরান খানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়ার একদিন পর তার বোনদের মুক্তি দেওয়া হলো।
একাধিক দুর্নীতির অভিযোগে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৪ বছর বয়সী ইমরান খান।