আনারকলি মার্কেটের তিনশ দোকানে চাঁদাবাজি নাকি এলাকায় আধিপত্য বিস্তার, কোন কারণ কাজ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডে, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, রাজধানীর মৌচাকে আলোচিত হত্যার ঘটনায় দুই যুবদল কর্মী আটক হয়েছে। এ ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা করেছেন বিল্লালের স্ত্রী।
ভাগ্নের সাথে কথা কাটাকাটি হচ্ছিলো এক যুবদল নেতার। আর তা মীমাংসা করতে এগিয়ে যান মামা সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার। সেখানেই কথা কাটাকাটির এক পর্যায়ে খুন হন তিনি।
পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বিল্লাল হোসেন তালুকদারকে।
এদিকে, ঘটনাস্থলের আশপাশে সবাই এখনও আতঙ্কে আছেন। মুখ খুলতে চাইছেন না কেউ।
তবে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে আনারকলি মার্কেটের ৩০০ দোকানের চাঁদাবাজির ভাগাভাগি।
১৯ ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালেব হোসেন রুবেল বলেন, ‘মূলত হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজি কাজ করছে।’
মামলা হয়েছে রমনা মডেল থানায়। মঙ্গলবার সকালেই যুবদল নেতা আল আমিনকে মুন্সীগঞ্জ থেকে আর আরেক যুবদল কর্মী রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে।
ডিএমপি রমনা ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে সব কিছু্ই।’
পরিচয় যা-ই হোক, অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ।



