বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে কচুয়া উপজেলার বাঁধাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাবে পুলিশ।
শেখ রসুল ওরফে রফিকুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। ওসি বলেন, ঢাকার মীরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুদিন পরে রফিকুল তাঁর ফেইসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর পোস্ট শেয়ার করেন। এই অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে।



