নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। সোমবার দুই দেশের পক্ষে এ ঘোষণা দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ আপাতত গোলাগুলি থেকে বিরত রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি।
একই সঙ্গে ইরানও আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটি বলছে, ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।
লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গত রোববার রাতে ইসরায়েলে প্রথম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলে এটাই ইরানের প্রথম হামলা।
ওই হামলার পর তেহরানসহ বেশ কয়েক শহরে হামলা চালায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেই তেহরানের হামলার জবাব দেয় তেল আবিব। পরে ইসরায়েলে দ্বিতীয় দফা হামলা চালায় ইরান। হামলা হয় ইসরায়েলের বিমানঘাঁটি লক্ষ্য করে।
বিবিসি জানিয়েছে, সবশেষ ইসরায়েলকে একটি ‘বেদনাদায়ক জবাব’ দেওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনী অভিযান বন্ধ করে দিয়েছে বলে জানানোর কয়েক ঘণ্টা পরই নেতানিয়াহুর পক্ষে হামলা স্থগিতের ঘোষণা আসে।
এদিকে, ইসরায়েল যদি আরও হামলা চালায়, বিশেষ করে লেবাননে, তাহলে আরও কঠোর ও নিষ্পেষণমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান।



