ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ইস্যুতে বয়কটের মুখে নতুন বিজ্ঞাপন বানিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছে কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। যেখানে কোম্পানিটি দাবি করেছে, তাদের এই পণ্য ইসরায়েলি নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই বয়কটের ডাক দিয়েছে। সোমবার (১০ জুন) বিজ্ঞাপনটি প্রচারে আসতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে। এরপর নিজেদের ইউটিউব চ্যানেল থেকে এটি সরিয়ে নেয় কোকাকোলা। কিন্তু মঙ্গলবার (১১ জুন) রাত থেকে আবারও এটি প্রকাশ্যে আনেন তারা।
কোকাকোলার ইউটিউব চ্যানেলে আবারও আপলোড করা হয়েছে সরিয়ে নেওয়া বিজ্ঞাপনটি। লক্ষ্য করা গেছে, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় উঠলে এটি তারা প্রাইভেট করে রেখেছিল। এবার সেটি আবারও পাবলিক করা হয়েছে। তবে কমেন্ট বক্স (মন্তব্যঘর) একেবারে বন্ধ করে রাখা হয়েছে।
ওই বিজ্ঞাপনের ভিডিওতে মন্তব্য না করতে পারলেও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও সমালোচনা করছেন নেটিজেনরা।
অন্যদিকে, বিজ্ঞাপনটিতে অভিনয় করে সমালোচিত হচ্ছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মাসহ অনেকে। যদিও জীবন ও শিমুল এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। জানিয়েছেন, যেকোনো মানবাধিকার বিরোধী অপরাধের বিপক্ষে তারা।
শরাফ আহমেদ জীবন বলেন, ‘বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারো বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে, থাকবে।’


কোকাকোলার বিজ্ঞাপন, যা বললেন জীবন-শিমুল
কোকের মতো বিজ্ঞাপন করে উতরে যাওয়ার চেষ্টা ছিল তাদেরও
