পশ্চিমবঙ্গে বিজেপির জয়: বাংলাদেশের স্বস্তি নাকি উদ্বেগ?

দেড় দশকের বেশি সময় পর বদলের পথে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদির বিজেপি বসছে বাংলার মসনদে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয়? নাকি এর প্রভাব পড়তে পারে আমাদের বাংলাদেশেও? প্রতিবেশী দুই দেশ ভারত-বাংলাদেশ সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক। আর পশ্চিমবঙ্গ এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সেতু। ভাষা, সংস্কৃতি, বাণিজ্য—সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই রাজ্য।

তাই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন মানে শুধু রাজ্য সরকারের বদল নয়, বরং নীতি, বাণিজ্যিক যোগাযোগ এবং কূটনৈতিক পরিবেশেও সম্ভাব্য প্রভাব। এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব, পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন বাংলাদেশের জন্য স্বস্তির নাকি উদ্বেগের?

বিজেপির নীতির সম্ভাব্য প্রভাব
বিজেপির নীতিতে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং নাগরিকত্ব ইস্যু গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে দলটি ক্ষমতায় আসায় সীমান্ত নিরাপত্তা জোরদার হতে পারে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ। এতে একদিকে সীমান্তে শৃঙ্খলা বাড়তে পারে, কিন্তু অন্যদিকে সীমান্তবাসীদের দৈনন্দিন জীবন কঠিন হয়ে উঠতে পারে।

নিরাপত্তা জোরদারের নামে বিধিনিষেধ আরও কঠোর করতে পারে বিজেপি। এতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগ—সম্ভাব্য মানবিক সংকট। যদি বিপুলসংখ্যক মানুষকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হবে। আসামের অভিজ্ঞতা এই আশঙ্কাকে আরও জোরালো করে।

নাগরিকত্ব ও এনআরসি–সিএএ ইস্যু
বিজেপির সবচেয়ে আলোচিত নীতিগুলোর একটি হলো ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ)। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এনআরসি ও সিএএ কার্যকর করার কথা তারা আগেই বলেছে। 'বাংলাভাষী মানেই বাংলাদেশি'—এমন একটা তত্ত্ব প্রচার করে পরিযায়ী শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর প্রশাসন। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো সরকারি প্রমাণপত্র দেখিয়েও রেহাই পাচ্ছেন না তাঁরা।

বাংলাদেশের জন্য তাই এই বিষয়টি সংবেদনশীল। কারণ, এনআরসি বাস্তবায়িত হলে অনেক মানুষকে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করার আশঙ্কা তৈরি হয়। আর ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এতে কূটনৈতিক উত্তেজনা বাড়তে পারে, যদিও ভারত সরকার বারবার বলেছে—এটি তাদের অভ্যন্তরীণ বিষয়।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের বড় অংশেরই মাধ্যম পশ্চিমবঙ্গ। বিজেপি সরকার এলে বাণিজ্যে পরিবর্তন আসবে কি? বিশ্লেষকেরা বলছেন, বিজেপি সাধারণত অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব নীতিতে জোর দেয়। সে ক্ষেত্রে বন্দর, রেল ও সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে, যা বাংলাদেশের জন্য ইতিবাচক। তবে রাজনৈতিক উত্তেজনা বাড়লে বাণিজ্যেও প্রভাব পড়তে পারে।

তবে সবকিছু একপাক্ষিক নয়। বিজেপি কেন্দ্র ও রাজ্যে একসঙ্গে ক্ষমতায় থাকলে একটি সম্ভাবনা তৈরি হয়—পানিবণ্টন চুক্তির অচলাবস্থা ভাঙা। দিল্লি যদি কৌশলগত কারণে বাংলাদেশকে কাছে রাখতে চায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করানো সহজ হতে পারে। সেই ক্ষেত্রে তিস্তা বা গঙ্গা চুক্তিতে অগ্রগতি আসতে পারে।