নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক নির্যাতন এবং অপর দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথা মামলা প্রত্যাহার করার দাবি করা হয়। একই সাথে বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধ্যভাবে সংবাদ প্রকাশ করে। আইন অমান্য করে ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি-বেসরকারি কমকর্তা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করেছে। এতে মূল ধারার সাংবাদিকদের মানক্ষুন্নসহ নানা প্রশ্নের সম্মুক্ষীণ হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানানো হয়েছে।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ, মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভির মান্দা পশ্চিমাঞ্চল প্রতিনিধি আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান, বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রোমন, বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ জেলার ৫ উপজেলার সাংবাদিকরা ও অংশগ্রহণ করেন।