পটুয়াখালীর লোহালিয়া নদীতে ডুবে রাহুল সমাদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অন্যদিকে নেত্রকোণায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক মাদরাসাছাত্রের। শুক্রবার সকালে এই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
পটুয়াখালী: পটুয়াখালী শহর সংলগ্ন লাউকাঠি ইউনিয়নের গোডাউন সংলগ্ন লোহালিয়া নদীতে ডুবে স্কুলছাত্র রাহুল সমাদ্দারের মৃত্যু হয়। আজ সকাল ১০টার দিকে মৃত্যু হয় তার।
রাহুল রাংগাবালীর চরকাজল গ্রামের বাসিন্দা এবং লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবাদে সে লাউকাঠির চন্দ্রবাড়িতে পিসা গোপাল চন্দ্র ও পিসি অঞ্জু চন্দ্রের কাছে থাকত।
জানা গেছে, সকালে গোসল করতে গিয়ে রাহুল নদীতে পড়ে যায়। সাঁতার না জানায় দ্রুত পানিতে ডুবে যায় সে। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার সম্ভব না হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডকে। পরে পটুয়াখালী নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুবুরি লিডার মজিবুর রহমান।
স্থানীয় মেম্বার চন্দন দত্ত বলেন, ‘রাহুল সাধারণত নদীতে যেত না। সে সাঁতার জানে না– এটা পরিবারসহ এলাকাবাসী জানত।’
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস বাচ্চু বলেন, ‘সাঁতার না জানার কারণে একটি তাজা প্রাণ হারিয়ে গেল। এ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সবার উচিত সন্তানদের সাঁতার শেখানোর প্রতি গুরুত্ব দেওয়া।’
নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামক খালে আজ সকাল সাড়ে ১০টার দিকে ডুবে মৃত্যু হয় মাদরাসাছাত্র হাবিবুর রহমান হাবিবের। সে উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।
শিশু হাবিবের বাবা আব্দুল জব্বার বলেন, ‘সকালে নাস্তা শেষে প্রতিদিনের মতো মাদরাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সাথে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সাথে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী দুর্গাপুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’