অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ১, আহত ২৪

পিরোজপুর–নাজিরপুর সড়কের ব্রাহ্মণকাঠি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে বাস উল্টে গেছে। আজ শুক্রবার বিকেল ৫টায় ঘটা এ দুর্ঘটনায় একজন নিহত ও ২৪ জন আহত হয়েছে।

জানা যায়, বাসটি নিয়ে পিরোজপুর শহর থেকে দুর্গাপুর ইউনিয়নে এক বিয়েতে যাওয়া হচ্ছিল। ব্যাটারিচালিত অটোরিকশাটি নাজিরপুর থেকে পিরোজপুরে আসছিল। পথে ব্রাহ্মণঘাটি এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক বাসযাত্রী নিহত হন।

নিহত হান্নান হাওলাদার পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার মো. কাদের হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিরোজপুর শহর থেকে একটি বিয়ের বাস সদর উপজেলার দুর্গাপুর যাচ্ছিল। একটি অটোরিকশা নাজিরপুর থেকে পিরোজপুর আসার পথে ব্রাহ্মণকাটি এলাকায় বিয়ের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে হান্নান নিহত হন। এ সময় অন্তত ২৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী এস এম সিপার বলেন, ‘আমরা পিরোজপুর শহর থেকে নাজিরপুরে যাচ্ছিলাম। পথে ব্রাহ্মণকাঠি এলাকায় বিয়ের বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাসে ও অটোরিকশার যাত্রীদের মধ্যে ২০ থেকে ২৫ জন আহত হয়।’

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ‘বাস দুর্ঘটনার পরে রোগীদের হাসপাতালে নিয়ে আসা হয়। পিরোজপুর জেলা হাসপাতালে ২৪ জন রোগীকে প্রাথমিক দেওয়া হয়েছে। এদের মধ্যে নয়জনকে ভর্তি করা হয়েছে। একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আমাদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পিরোজপুর জেলা হাসপাতালে এনে রোগীদের সেবা দেওয়া হচ্ছে।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম হোসেন বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করছে। আহতদের থেকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে যাওয়ার জন্য সহায়তা করছে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহত রোগীদের হাসপাতালে আনার ব্যবস্থা করি। আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পিরোজপুর নাজিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক।’