পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশের) কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
পরবর্তীতে ওই দুই কিশোরকে মীরগড় বিওপিতে (বর্ডার আউটপোস্টে) নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে, বুধবার সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি দুই কিশোরকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি।
স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকাল ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে মিরগড় সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, তারা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছেন। দুজনেই সীমান্তে ঘুরতে যান এবং মোবাইলে ছবি তুলছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি। তাদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা বিজিবিকে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে ৮ ঘন্টার মধ্যে তাদের ফেরত আনতে সক্ষম হই।