বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তাঁর স্মৃতিবিজড়িত কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নওগাঁয়। শিলাইদহ ও পতিসরের কুঠিবাড়ি, আর শাহজাদপুরের কাছারিবাড়িতে সাজ সাজ রব। কবিগুরুর জন্মদিন ঘিরে সংস্কৃতি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে থাকছে তিনদিনের আয়োজন। 

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে চলছে বিশ্বকবির ১৬৫তম জয়ন্তী পালনের সবশেষ প্রস্তুতি। শুক্রবার থেকে দেশি-বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হবে কাছারিবাড়ি প্রাঙ্গণ। আয়োজন সফল করতে মহড়ায় ব্যস্ত স্থানীয় সংস্কৃতি কর্মীরা। 

এবছর জাতীয় পর্যায়ের তিনদিনব্যাপী মূল অনুষ্ঠানের আয়োজন হয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। এ উপলক্ষে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি। চলছে রবীন্দ্র মঞ্চের সাজসজ্জা। দর্শনার্থীদের সুযোগ সুবিধার বিষয়টি মাথায় রেখে সব প্রস্তুতি নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। 

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি কাস্টোডিয়ান আল আমীন বলেন, ‘বৈশাখের সময় যে বৈরী আবহাওয়া থাকে—এ বিষয়টি মাথায় রেখেই আমরা একটি ওয়াটার প্রুফ প্যান্ডেল তৈরি করেছি। আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকছে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবেন।’

কবির স্মৃতিবিজড়িত নওগাঁর পতিসরেও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কুঠিবাড়ী সাজানো হচ্ছে নতুন করে। প্রস্তুত হচ্ছে দেবেন্দ্র মঞ্চ। 

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা সকলে মিলে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছি। আশা করি আমরা একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে পারব।’

বিশ্বকবির জন্মবার্ষিকীর ৩ দিনের আয়োজনে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও রয়েছে গ্রামীণ মেলা।