চাঁপাইনবাবগঞ্জে পুশইনের চেষ্টা প্রতিহত, কুষ্টিয়ায়ও কঠোর অবস্থানে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত থেকে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে তারা ভারতে ফিরে যান। 

বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে ২ জন পুরুষ, ৮ জন নারী ও পাঁচ শিশুকে একটি নৌকায় করে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। কিন্তু নৌকাটি শুন্যরেখায় আসার পরপরই বিজিবি বাধা দেয়। পরে রাত পৌনে ৩টার দিকে ১৫ জনকে ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ।

পুশ-ইন ঠেকাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। বিজিবির পাশাপাশি সীমান্তে পুশ-ইন ঠেকাতে এগিয়ে এসেছে স্থানীয়রাও।

শুক্রবার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা করলেও তারা বাংলাদেশে আসতে পারেনি। এ বিষয়ে আজ পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।    

বিশেষজ্ঞরা বলছেন, বিএসএফের এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে দুদেশের সীমান্তে উত্তেজনা বাড়বে। ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও। তাই আলোচনার মাধ্যমেই পুশ-ইন সমস্যা সমাধানের তাগিদ দিচ্ছেন তারা।