চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যে চেক পোস্ট বসিয়ে ঝিকরগাছার ধুমধুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ।

যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম জানান, বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্থানীয় কোতোয়ালী থানা পুলিশ তাকে আরও ৩ সহযোগীসহ গেপ্তার করে। চট্টগ্রাম জেলা পুলিশের দেওয়া তথ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

রাতেই তাকে ও তার ৩ সহযোগীকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে ডেভিড ইমন জানিয়েছে, তারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিল। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন থানায় একাধিক খুন, চাঁদাবাজির মামলা রয়েছে।

সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়ায় একটি ইন্টারনেটে প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। পরে চাঁদা না দেওয়ায় তার বাহিনীর সদস্যরা ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। ডেভিড ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে।