দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এদিকে, চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। আহত ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয় বেপরোয়া গতির একটি ট্রাক।

ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকের ৩ যাত্রী ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারীর মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা ও আট মাস বয়সী মেয়ে রিফা। একই দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী লিখন।  

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ট্রাক চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। 

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‌‘নিহতদের পরিবার ও আহতদের সহায়তার দেওয়া হবে।’

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ঘটে হতাহতের ঘটনা। কুমিল্লার বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা থেকে কক্সবাজার যাচ্ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫৮ জন। কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। 

এদিকে লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মাদ্রাসা ছাত্র হাবিবুর রহমান নিহত হয়েছেন।