বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
বেনাপোল রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।
যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুর রহমান জানান, জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে চলাচল করবে।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় টিকিটের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি ও জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন রেলস্টেশন-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভুক্তভোগী যাত্রীরা বলছেন, তুলনামূলক কম খরচে আরামদায়ক ও স্বল্প সময়ে যাতায়াতের জন্য রেলপথের ওপর নির্ভর করেন রোগী, ব্যবসায়ী, পাসপোর্টধারী যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকায় বিশেষ করে স্বল্প ও নিম্ন আয়ের যাত্রীদের ভোগান্তি বাড়বে। ট্রেনটি আবার চালুর দাবি জানিয়েছেন তারা।