লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যাায় লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীহাট সড়কের বাইতুস সাইফ দরবার শরীফ এলাকা এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আটিয়াতলী এলাকার মনজু মিয়ার ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফায়েত হোসেন (১৮) ও একই উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে রাজন (১৭)। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আহত তুষার হোসেন, রিয়াজ হোসেন ও সোয়েব ইসলামসহ তিনজনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মধ্যে একজন কলেজ ছাত্র । এছাড়া আরও আহত তিনজন রয়েছে। তাদের অবস্থায় গুরুতর। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে বন্ধুদের নিয়ে মজুচৌধুরীরহাটের দিকে ঘুরতে যাচ্ছিলেন সাফায়েত ও রাজন। এসময় ওই সড়কের বাইতুস সাইফ দরবার শরীফ এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলে বসে নিজেদের ছবির সেলফি তুলতে যায় তারা। এতে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাফায়েত হোসেন ও রাজন নামে দুইজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তুষার হোসেন, রিয়াজ হোসেন ও সোয়েব ইসলামসহ আরো তিনজন।