শেরপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক জাফর ইকবাল (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌর এলাকার চিতাখলা বাইপাসে এ ঘটনা ঘটে। নিহত জাফর ইকবাল উপজেলার উত্তর গড়কান্দা এলাকার নূর মোহাম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গরবার বিকেল পাঁচটার দিকে জাফর ইকবাল নিজের মোটরসাইকেলে করে নালিতাবাড়ী থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন, এসময় চিতাখলা বাইপাস এলাকায় পৌঁছালে নাকুগাঁও স্থলবন্দর মহাসড়ক দিয়ে নকলাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হন জাফর ইকবাল। পরে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাফরকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, 'আমরা দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কাভার্ড ভ্যানটি আটক করতে সক্ষম হই। তবে, কৌশলে পালিয়ে গেছে চালক। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে'।