ঝালকাঠি জেলার নলছিটিতে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠের ঘর নামক স্থানে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি(তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি।
ওসি মনোরঞ্জন মিস্ত্রি জানান, মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল ইসলাম নামের বরিশাল জেলার এক বাসিন্দা নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহী মো.রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরআইচা এলাকার বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মৃত মো. আচমত আলী মৃধা।
স্থানীয়রা জানায়, বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে কাঠের ঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলাম সবুজ গুরুতর আহত হলে তাঁকে বরিশাল শেবাচিমে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রীও আহত হন।
নিহত রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বরিশাল জেলা বিএনপির সদস্য পদে ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ যোহর অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।