বরিশালে বিএনপির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ৮

বরিশালে লাঠিচার্জ করে বিএনপির কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যরা হলেন—আমিনুর রহমান টুটু, রিয়াজ হোসেন, সুজন আকন, সাইফুল ইসলাম, আল আমিন, হৃয়দ হোসেন, তামিম।

এ ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে। এর পাশাপাশি চলছে তল্লাশি। এ ঘটনায় নগরীর সদর রোড ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও বিএনপি নেতারা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপি। এ সময় তারা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়।

এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা–কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ বিএনপি নেতা–কর্মীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আটজনকে আটক করে তারা।

এদিকে বিএনপি নেতাদের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আসরাফ ভূঞা বলেন, পূর্ব কোনো ঘোষণা ছাড়াই সড়ক আটকে কর্মসূচি শুরু করে বিএনপি। তাদের রাস্তা থেকে সরে যেতে বলা হলে তারা পুলিশের কাজে বাঁধা দেয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ৮ জনকে আটক করা হয়েছে।