প্রতিদ্বন্দ্বী না থাকায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মিরাজুল ইসলামকে চেয়ারম্যান ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভান্ডারিয়া উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের সময় মাহিবুল হোসেন মাহিম নামে একজনের মনোনয়ন বাতিল হয়। পরে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোন আপিলও করেন নি।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার এহসাম হাওলাদার ও সালাহউদ্দিন হাওলাদার আরও দুই প্রার্থী স্বশরীরে জেলা রিটার্নিং কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে চেয়াম্যান পদে নির্বাচনে থাকা একমাত্র প্রার্থী মিরাজুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
মিরাজুল বর্তমানেও ওই উপজেলার চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য।