উপজেলা পরিষদ নির্বাচন

মঠবাড়িয়ার চেয়ারম্যান প্রার্থী রিয়াজের প্রার্থিতা বাতিল

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। 

এদিন সকাল ১১টায় ইসিতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল রিয়াজ উদ্দিনকে। তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ শামীম শাহনেওয়াজের ছোট ভাই। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে ওই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত সোমবার (২০ মে) নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তলবের আদেশ দেওয়া হয়। এর আগে গত ১৩ মে তৃতীয় ধাপে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক দেওয়া হয়। 

ইসির পক্ষ থেকে এদিন প্রার্থীদের সব ধরনের সভা–সমাবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু রিয়াজ কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, প্রতীক পেয়ে বড় বড় লাঠির মাথায় আনারস বেঁধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন নেতা–কর্মীরা। এতে জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়।

এরপরই চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দাখিল করতে বলে ইসি।

পরদিন ১৪ মে আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যাখ্যা দাখিল করেন রিয়াজ। সেখানে তিনি জানান, কিছু অতি উৎসাহী কর্মীর কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনমূলক কর্মকাণ্ড সংগঠিত করেছে। তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। 

তবে, রিয়াজ উদ্দিনের দেওয়া জবাব নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় তাঁকে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।