পিরোজপুরের ইন্দুরকানীতে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে শাহিনুর বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর বেগম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের মো. মোস্তফা মুন্সির স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোস্তফা মুন্সির বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার বাগানে ছিঁড়ে পড়েছিল। সকাল ৬টার দিকে মোস্তফা মুন্সি বাগানে কাজ করতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন। তাঁকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতায়িত হন স্ত্রী শাহিনুর বেগম। দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন।
খোলপটুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু তালেব বলেন, ‘মোস্তফা মুন্সির ঘরের পাশে বাগানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ঘূর্ণিঝড় রিমালে ছিঁড়ে পড়েছিল। সকালে মোস্তফা মুন্সি বাগানে কাজ করতে গিয়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হন। তার চিৎকার শুনে স্ত্রী শাহিনুর বেগম উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। স্বামী ও স্ত্রী– দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শাহিনুর বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’