পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুব্রত হালদার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি- ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার এসব বিষয় নিশ্চিত করেছেন।
নিহত রাকিব জমাদ্দার (২৩) পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।
ওসি আহমদ আনওয়ার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে চরখালী থেকে আসা একটি মোটরসাইকেল চরখালী-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক মারা যান। স্থানীয়রা সংবাদ পেয়ে পুলিশে খবর দেয়। তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তাঁর বন্ধু সুব্রত দুইজন ভান্ডারিয়ার আনসারখালী এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরাফেরা শেষে মঠবাড়ীয়ার ভগীরথপুর যাওয়ার সময় দুর্ঘটনায় রাকিব মারা গেছেন।
এ বিষয়ে মঠবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা ভান্ডারিয়া থানা এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি মঠবাড়ীয়ায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।