গোপালগঞ্জে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
পরে মঙ্গলবার বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী নিহত হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া জানান, শিবা সকালে একটি মোটর সাইকেলে করে পাটকেল বাড়ির লিংক রোড থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক হয়ে যাচ্ছিল। এ সময় টেকেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী মুরগী বোঝাই একটি পিকআপ ভ্যান মোটর সাইকেলটিকে চাপা দিলে শিবার শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়।
কৌশিক কীর্তনীয় আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিবার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপটিকে আটক করেছে স্থানীয়রা।


