পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে থাকা সাবেক মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়ির হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার রাত ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাই নূরে আলম সিদ্দিকী শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাসের বাড়ি ও উপজেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।
এর আগে বুধবার রাতে পিরোজপুর সদরে থাকা সাবেক আরেক এমপি একেএমএ আউয়াল, সাবেক মেয়র হাবিবুর রহমান মালেক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে।