ঘর থেকে রাস্তা পর্যন্ত রক্তের দাগ, কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৭

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে আখি আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নিখোঁজের ওই ঘটনায় আখির স্বামী আলমগীর সিকদার, ননদ ও দেবরসহ শ্বশুর বাড়ির পরিবারের ৭ জনকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গৃহবধূ আখি আক্তার নিখোঁজের ঘটনায় কলাপাড়া থানায় মামলা করেন তাঁর বাবা। এ ঘটনায় গ্রেপ্তারদের আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।  কলাপাড়া থানার এস আই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন গৃহবধূ আখি আক্তার। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের কারণে বাড়িতে মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার তিন সন্তানের দুজনকে নিয়ে ভাইয়ের ঘরে ঘুমান। আখি তাঁর ননদের সঙ্গে ঘুমাতে যান। রাতে ননদ জেগে আখিকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। আনুমানিক রাত তিনটার দিকে বাড়ির লোকজন চিৎকার শুনে জেগে গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে রাস্তা পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। এরপর আখির নবম শ্রেণি পড়ুয়া ছেলে ৯৯৯– এ কল দেয়। পরে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যান।

বুধবার নিখোঁজ আখির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর এদিন রাতে আখির স্বামী, ননদ ও দেবরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।