পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

‎পিরোজপুরের কাউখালীতে মোটরসাইকেলের চাপায় সামিয়া আক্তার নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলায় এলাকায় এ দুর্ঘটনা হয়। 
‎

নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।‎

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’
‎

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ‘মোটরসাইকেলের চাপায় সাত বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’