নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবা বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিভিন্ন এলাকা থেকে আসা কবি, লেখক, সাহিত্যিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন। এ সময় শরতের রূপ-মাধুর্য, প্রকৃতি ও গ্রামীণ ঐতিহ্য নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
আলোচনায় বক্তারা বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধন রয়েছে। এ ধরনের উৎসবের মাধ্যমে সেই বন্ধন নতুন করে অনুভব করার সুযোগ তৈরি হয়। তরুণ প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও প্রকৃতির সান্নিধ্যে ফিরিয়ে আনতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, দেশীয় সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্যকে ধারণ এবং সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়াতেই এ শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে কবিরা শরৎ নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি শিল্পীরা পরিবেশন করেন নৃত্য ও সংগীত। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবস্থলে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।


