পিরোজপুরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

পিরোজপুরের নেছারাবাদে নিজ বাড়ির পাশের সড়কে গাড়ির ধাক্কায় আব্দুল মান্নান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুনিয়ারী সড়কের সংগীতকাঠি এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা ওই গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত আব্দুল মান্নান (৬৫) উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুনিয়ারী গ্রামের মো. আসমান আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল মান্নান হাওলাদার রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বৌগাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সোহাগ হাওলাদার বলেন, ‘আমার বাবা বাড়ি থেকে রাস্তায় বের হলে পেছন থেকে এসে একটি চলন্ত বৌগাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে বাবা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, ‘নিহতের মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাড়ির ড্রাইভার এবং গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’