বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাদার লাশ দাফনের সময় বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার ও একই এলাকার চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার। সম্পর্কে তারা চাচা ভাতিজা। নিহত দুজনই ঢাকায় লন্ডিতে কাজ করতেন।
স্বজনরা জানান, রোববার বার্ধক্যজনিত কারণে নব্বই ঊর্ধ্ব আনিচ হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজনরা। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন দিতে নেওয়া হয়। লাশ কবরে নামানো সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবলে খাটিয়ায় স্পর্শ করলে পুরো খাটিয়াটি বিদ্যুতায়িত হয়। এতে চারজন আহত হয়। এ ঘটনায় গুরুতর আহত সরোয়ার হাওলাদার ও ফিরোজ সিকদারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মেহেদী হাসান পারভেজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।’