মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, গতকাল দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মদ সফিকুল ইসলাম।


