ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সাবেক নেত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোডের নিজ বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, শারমিন মৌসুমি কেকা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল সন্ধ্যার পরে তার ছোট মেয়ে তাকে ডাকতে গেলে কোনো সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের খবর দেয়। পরে স্থানীয়রা বরিশাল কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ এসে কেকার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।