আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে জেলার চারটি আসনের প্রার্থীদের যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী যাচাই-বাছাই করেন। আসনভিত্তিক প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় পটুয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী ২ আসনে গণ-অধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমান, খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ আইয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী বলেন, পটুয়াখালীর চারটি আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এরমধ্যে ২৭ জন জমা দিয়েছেন। ২৭ জনের মধ্যে আজ যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়ে। তবে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।