বরিশালে মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ মনীষার

আসন্ন ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক ভেঙে নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু করেছেন। মাটির ব্যাংকে সাধারণ মানুষের দেওয়া টাকায় ভোটের মাঠে লড়বেন মনীষা। বরিশাল সদরের এই আসনটিতে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’ স্লোগানে গতকাল শুক্রবার বরিশাল নগরীতে বাসদের জেলা কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন এ আসনের একমাত্র নারী প্রার্থী। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মাটির ব্যাংকগুলো সংগ্রহ করে ভাঙ্গা হয়। বিভিন্ন এলাকা থেকে দেওয়া প্রায় ১০০টি মাটির ব্যাংকের মধ্যে ১০টি ব্যাংক ভাঙ্গা হয়। এতে দেখা যায় সাধারণ মানুষ মাটির ব্যাংকে দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা, ১০০ টাকা করে জমা দিয়েছেন। 

সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ও দলের কর্মীদের সহযোগিতায় গড়ে তোলা হচ্ছে এই তহবিল। এর মাধ্যমে ভিন্ন ধারার রাজনীতির সংস্কৃতি আনতে চান বাসদের প্রার্থী মনীষা। একই সাথে কালোটাকা ও দুর্নীতির বাইরে গিয়ে স্বচ্ছতা ও সততার রাজনীতির প্রতিফলন ঘটাতে চান তিনি। 

মনীষা বলেন, ‘বর্তমানে নির্বাচন ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হন এবং পরে দশগুণ টাকা লুটপাট করেন। আমরা এই বৃত্ত ভাঙতে চাই।’

নির্বাচন পরিচালনার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বাসদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মাঝে শতাধিক মাটির ব্যাংক বিতরণ করা হয়। পাশাপাশি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অনুদান নেওয়া হচ্ছে নির্বাচনী ব্যয় মেটানোর জন্য।