ঝালকাঠির নলছিটিতে ঋণের চাপ সইতে না পেরে মিলন হাওলাদার (৩৫) নামে এক চা–দোকানি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন হাওলাদার জুরকাঠি গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় শিমুলতলা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ বসতঘরের পাটাতনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলনকে দেখতে পান প্রতিবেশীরা। পরে তারা পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, মিলন হাওলাদার বিভিন্ন এনজিও থেকে ছয় লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন। ঋণের চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। আত্মহত্যার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন বলেও পরিবারের সদস্যরা জানান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।