কুয়াকাটায় ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে যান। সাড়ে ১০টার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের দিকে রওনা দেন। এ সময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে চাওয়া মিম (১৮) নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক জিসানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।