পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন মারিয়ার মা হাওয়া বেগম (৪৫) ও অটোরিকশার চালক রাসেল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলায় আসলে বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো চালক রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জেলা হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন আনার আগেই মারা গেছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।