জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গাড়ির ধাক্কায় এক নারী আহত হন। এ ঘটনায় আঘাত পেয়েছেন প্রতিমন্ত্রীও নিজেও। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির সঙ্গে এক নারীর ধাক্কা লাগে। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে নেমে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী অক্ষত থাকলেও তাঁর পায়ে সামান্য আঘাত লেগেছে। তবে গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ওই নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর আহত প্রতিমন্ত্রীকে প্রথমে কালাইয়ে অবস্থিত নিজ বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেয়া হয় জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। আহত ফিরোজা বেগমকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।



