ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাটটি দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন পিরোজপুর ও বাগেরহাটের তিন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে বর্ষায় খেয়া পারাপার বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পারাপার করতে হয় এলাকাবাসীর।
পিরোজপুরের জিয়ানগর এবং বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার সংযোগস্থল কলারন-সন্ন্যাসী ফেরিঘাট। ২০০৬ সালের ৪ আগস্ট এই রুটে উদ্বোধন হয় ফেরি সার্ভিস। তবে মাত্র এক বছর পরেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে কলারণ অংশের পন্টুনটি ভেসে গেলে বন্ধ হয় ফেরি চলাচল। এর পর গত দুই দশকেও সেবা চালু হয়নি।
বর্তমানে দুই পাড়ের ঘাটের অবস্থাই জরাজীর্ণ। বর্ষা মৌসুমে নদী উত্তাল হয়ে পড়লে খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। সেসময় জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা ছোট নৌকায় নদী পার হন যাত্রীরা।
সড়ক বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ‘কলারন-সন্ন্যাসী ফেরিঘাট আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংযোগ সড়ক মেরামত ও সম্প্রসারণের কাজ চলছে।’
ফেরিঘাটটি চালু হলে প্রতিদিন তিন উপজেলার কয়েক হাজার যাত্রীর যাতাযাতের ভোগান্তি কমবে।