শ ম রেজাউল করিমের ২ বাড়িতে হামলা

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জনের একটি দল নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উল্টোদিকে অবস্থিত বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারার কথা জানিয়েছে পুলিশ। একইসাথে ভাঙচুর ও আগুন নিভে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তারা।