বরিশাল সিভিল জেলা জজ আদালতের একজন বিচারক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বিচারকের নাম শেখ ফারহান নাদিম। তিনি জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক।
তার নিখোঁজের বিষয়টি বুধবার বিকেলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ওসি বলেন, ‘তারা মঙ্গলবার রাতে ফোনকল পেয়ে তাৎক্ষণিক বরিশাল মেডিকেলসহ বিভিন্ন হাসপাতাল ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বিকেল ৫টার পর থেকে বন্ধ পাওয়া যাচ্ছিল। বুধবার সিসি ক্যমেরা পর্যালোচনা করে দেখা যায় তিনি একটি রিকশায় করে নগরীর বাংলা বাজার এলাকার দিকে যাচ্ছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আদালতের পেশকার বাদী হয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সেই ডায়েরি অনুযায়ী তদন্ত করে যাচ্ছি। বিষয়টি মহানগর পুলিশ ও অনান্য আইন শৃঙ্খলাবাহীনি কাজ করছে।’
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসলী আবুল কালাম আজাদ বলেন, ‘মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদিম বুধবার অফিসে আসেননি। তার খোঁজ নিয়ে আমরা জানতে পারি তিনি নিখোঁজ রয়েছেন।’
একই কথা জানিয়েছেন, আদালতের এপিপি অ্যাডভোকেট হাফিজ খান বাবলু।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার আদালত শেষ করে নামাজ আদায় করে বিচারক শেখ ফারহান নাদিম বের হন। বাসায় না যাওয়ায় ফোনকল পান তারা। পরে তার নম্বরে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


