পিরোজপুরে অপু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুরের নেছারাবাদে সুপারি বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসানুর রহমান অপু (৩৬) হত্যা মামলায় প্রধান আসামি শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু। তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশের একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বলেন, ‘আলোচিত এ হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।’