নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। আজ সোমবার বিকেলে ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন উপ–পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম।
তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আজ দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনোয়ারের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
এরআগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুস সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার মোল্লা একটি মামলার তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যান। এসময় দুষ্কৃতিকারীরা হামলা করলে দৌড়ে সরে যান আব্দুস সাত্তার। তবে উপর্যুপরি ছুরিকাঘাতে মারা যান আনোয়ার।


নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ সদস্যের
