পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের বাসিন্দা।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কাউখালীর পাঙ্গাশিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজ ও একই উপজেলার বাসিন্দা সাজিদ। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি মোটরসাইকেল ও পাঁচজন আরোহীকে সড়কে পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, ‘দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’