পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন–কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে শান্ত (২৩), বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২৪) এবং সুনানের খালাতো ভাই সাজিদ (২৩)।
আহত ব্যক্তি হলেন কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অন্য দুই আহত ব্যক্তিকে পরিচয় পাওয়া গেলে তাদের পরিবারকে জানানো হয় পরে তাদের পরিবার এসে চিকিৎসকের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে বেকুটিয়া এলাকার শান্তকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত মো. মাহফুজুর রহমান এখনো চিকিৎসাধীন।
অন্যদিকে, খবর পেয়ে সুনান মাঝী ও সাজিদের স্বজনেরা পিরোজপুর জেলা হাসপাতালে যান। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার নিজাম উদ্দিন (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, বেকুটিয়া ব্রিজে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পিরোজপুর ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ওখানে পড়ে থাকা দুইজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে আনা হয়। অন্য দুইজনকে আগেই এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসে।